পুলক রায়,শেরপুরঃ
বছরের পর বছর ধরে খানাখন্দ, কাদা আর জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে চলেছেন নালিতাবাড়ী পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বাসিন্দারা। বর্ষা এলেই দুর্ভোগ যেন কয়েকগুণ বেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই সড়ক ডুবে যায় পানিতে, চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। অবশেষে দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধনে নেমেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যানার-ফেস্টুন হাতে তারা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার, শরাফত আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা এখন এলাকার নিত্যদিনের সমস্যা।
তারা বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, সড়কটির উন্নয়নকাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু করা হবে।