প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
সময়: ১২:২১ এএম
গজারিয়ায় ২০২৬ এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান
গজারিয়া প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় গজারিয়া কলিমউল্লাহ কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গজারিয়া কলিমউল্লাহ কলেজের বিদ্যোৎসাহী সদস্য রফিকুল ইসলাম (ভিপি মাসুম )। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া কলিমউল্লাহ কলেজের সভাপতি এ এফ এম হামিদ উল্লাহ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া কলিমউল্লাহ কলেজের বিদ্যোৎসাহী সদস্য ড. আব্দুল মান্নান সরকার ও বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের স্কাউট দলের সদস্যরা ফুল দিয়ে ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গজারিয়া কলিমউল্লাহ কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাই ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের এই কলেজে ভর্তি হয়ে নিজেদের উচ্চশিক্ষার পথকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার জন্য উৎসাহিত করেন তারা।
তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজের মেধা ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে হবে। কলেজের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে নিয়মিত পড়াশোনা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। গজারিয়া কলিমউল্লাহ কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের জন্য সুনাম বয়ে আনবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, স্কাউট দলের সদস্য, অভিভাবক ও ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।