মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছর বয়সী মা

শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী এক মা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতেই এমন দুঃসাহসিক দৌড়ে অংশ নেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

মহারাষ্ট্রের বিড জেলায় ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামে এ ম্যারাথনের আয়োজন করা হয়। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় প্রতিযোগিতাটি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

সাধারণ শাড়ি ও চপ্পল পরে প্রতিযোগিতায় অংশ নেন রমাবাই। তবে দৌড় শুরুর কিছুক্ষণ পর অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তাঁর চপ্পল। এতে গতি কমে যাওয়ায় একপর্যায়ে চপ্পল দুটি হাতে তুলে নেন তিনি। এরপর খালি পায়েই দৌড়াতে শুরু করেন।

পাথর ও রুক্ষ রাস্তার ব্যথা উপেক্ষা করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন রমাবাই। তাঁর এই জয় উপস্থিত দর্শক ও আয়োজকদের আবেগাপ্লুত করে।

ম্যারাথনে প্রথম হয়ে পুরস্কার হিসেবে ৩ হাজার রুপি পেয়েছেন রমাবাই। সেই অর্থের পুরোটাই মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি।