মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। হাতে লেখা আবেগঘন বার্তা ও ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন রোজারিওর মহাতারকা। তাঁর বিদায়ের সঙ্গে সামনে এসেছে নতুন প্রশ্ন—আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে?
২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। সেদিন ৪-০ গোলের জয়ে জাতীয় দলে শুরু হয় তাঁর নতুন অধ্যায়। এরপর প্রায় দুই দশক ধরে ১০ নম্বর জার্সি মানেই হয়ে উঠেছিল মেসি।
তাঁর বিদায়ের পর স্বাভাবিকভাবেই উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবশ্য মেসির অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে কয়েকজন ফুটবলারকে ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে এই জার্সি গায়ে খেলেছেন আনহেল কোরেয়া। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ গোলের জয়েও ১০ নম্বর ছিল তাঁর গায়ে। চিলির বিপক্ষে এই জার্সি পরেছিলেন পাওলো দিবালা।
তবে তাঁদের কেউই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে ছিলেন না। ফলে মেসির স্থায়ী উত্তরসূরি হিসেবে এখনই কারও নাম নিশ্চিত করে বলা কঠিন।
আর্জেন্টিনা দলে নিয়মিত থাকা কয়েকজন ফুটবলার অবশ্য ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সিতে খেলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাকআলিস্টার ও নিকোলাস পাজ। এ ছাড়া রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসও বিভিন্ন সময়ে ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরেছেন।
তবে জাতীয় দলের ১০ নম্বর জার্সির বিষয়টি ভিন্ন। প্রায় দুই দশক মেসির দখলে থাকা এই জার্সি পরার সঙ্গে থাকবে বাড়তি চাপ ও প্রত্যাশা। তাই নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগে কোচ লিওনেল স্কালোনিকে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে।
সেপ্টেম্বর-অক্টোবরে পরবর্তী ফিফা উইন্ডোতেই এ বিষয়ে প্রথম ইঙ্গিত মিলতে পারে। মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি শেষ পর্যন্ত কার গায়ে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা।