নির্বাচনহীন বাউশিয়া ইউনিয়ন, জটিলতা কাটিয়ে ভোটের অপেক্ষায় ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিবেদক : 

ভোটের মাঠ প্রস্তুত, ভোটারও আছেন কিন্তু নেই ভোটের আয়োজন। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা, মামলা ও প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর ধরে নির্বাচন হচ্ছে না মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদে। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি নির্বাচনের দাবিতে আবারও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের রয়েছে নানা প্রশ্ন, সীমানা জটিলতাই যদি নির্বাচনের প্রধান বাধা হয়, তাহলে দীর্ঘ সময়েও এর সমাধান হচ্ছে না কেন আর যদি আইনগত বা প্রশাসনিক কোনো বাধা না থাকে, তাহলে বাউশিয়া ইউনিয়নে নির্বাচন আয়োজন করা হচ্ছে না কেন স্থানীয়দের জনগণের দাবি, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে।

এরপর ২০২১ সালে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বাউশিয়ায় নির্বাচন হয়নি।

ফলে দীর্ঘ সময় ধরে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন না হওয়ার পেছনে মূল জটিলতা হিসেবে উঠে এসেছে চরবাউশিয়া মৌজাকে ঘিরে বাউশিয়া ও গুয়াগাছিয়া ইউনিয়নের সীমানা এবং ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ। এ বিষয়ে ২০২২ সালের মে মাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে চরবাউশিয়া মৌজার বাসিন্দাদের প্রশাসনিক সেবা, ভোটার তালিকা এবং কোন ইউনিয়ন পরিষদের আওতায় তারা থাকবেন এসব বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত উঠে আসে। তবে গণশুনানির পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। চলতি বছরের ২৪ জুলাই 'বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা বলেন, সীমানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমাধান করে হলেও বাউশিয়া ইউনিয়নে নির্বাচন দিতে হবে।