প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৮:২১ পিএম
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান
এস এম মিঠু,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জড়ো হন। পরে সেখানে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে গিয়ে শেষ হয়।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনসভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা, যুবদল নেতা কাউসার আহমেদ ও রাকিব হাসানসহ ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
টানা বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।