বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করার কারণে তারা আবার ফিরে আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ (Beyond Campus: Leading Tomorrow) শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে নানা প্রশ্নের উত্তর দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, "গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন হয়েছে। দুটি মেনে নিয়েই আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে এবং সংকট সেদিন থেকেই তৈরি হয়েছে। একদিকে এই সংকট তৈরি করা, আরেকদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে তারা ফিরে আসার পাঁয়তারা করছে। তবে আমরা বিশ্বাস করি, চব্বিশে রক্ত দেওয়া এই যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আসতেও দেবে না, বসতেও দেবে না।"
বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক সমালোচনা জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, আজকের এই বাংলাদেশ জুলাইয়ের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল এবং কোটার ঘোরপ্যাঁচে ফেলে মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র কায়েম করা হয়েছিল। ৫ আগস্ট সেই শৃঙ্খল ভেঙে জাতি মুক্তি পেলেও পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, "দুঃখের বিষয়, ৫ আগস্ট পর্যন্ত বর্তমানে যাঁরা সরকারে আছেন তাঁদের এবং আমাদের বক্তব্য ও ওয়াদা এক ছিল। কিন্তু ৫ আগস্টের পর অনেকে বদলে গেছেন। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি আগের চেয়ে বেশি গতিতে চালানো হচ্ছে।"
তিনি আরও অভিযোগ করেন, যে ফ্যাসিবাদ মানুষের ওপর তাণ্ডব চালিয়ে জাতিসংঘের হিসাবে ১ হাজার ৪০০ মানুষকে শহীদ ও ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, সেই ফ্যাসিবাদীদেরই কেউ কেউ অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা বলে উল্লেখ করেন তিনি।
ছাত্রসংসদ ও ক্যাম্পাসের পরিবেশ শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির মধ্যেও নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম ও গেস্টরুম’ সংস্কৃতি গুঁড়িয়ে দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, "দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন সহজে আসেনি; শিক্ষার্থীদের লড়াই করে তা আদায় করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দিতে চায়নি, রাজনীতিবিদদের একটি অংশও নাখোশ ছিল। নির্বাচিত হওয়ার পরও প্রশাসন ছাত্রপ্রতিনিধিদের সহযোগিতা করেনি। অনুকূল পরিবেশ পেলে শিক্ষার্থীরা তিন গুণ বেশি কাজ করতে পারত। প্রশাসনের এই অসহযোগিতার জবাব একদিন দিতে হবে।"
তরুণদের প্রতি আহ্বান তরুণ প্রজন্মকে দেশের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, "আমার স্বপ্ন এ দেশের চার কোটি যুবককে নিয়ে। আমরা চাই তরুণরা ককপিটে বসে এ জাতিকে নেতৃত্ব দেবে, আর আমরা সঙ্গে থাকব।"
শিক্ষাজীবন শেষে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্টার্টআপ বা উদ্যোক্তা হওয়ার জন্য মেধা, ইচ্ছা ও পরিশ্রম—এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। সততার মানদণ্ডে দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।