প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এককভাবে মতবিনিময়ে অংশগ্রহণের পর এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গেও দল হিসেবে সংলাপে বসতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে ইসির সংলাপে ১১-দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে দলটি। আগামী ১ ডিসেম্বর ইসির সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে এনসিপি।
এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা চ্যানেল টোয়েন্টিফোরকে জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এনসিপি দল হিসেবে অংশগ্রহণের পক্ষে। কারণ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নেবে। ফলে এনসিপির নিজস্ব অগ্রাধিকার ও স্বতন্ত্র আলাপের বিষয়বস্তু রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জোট হিসেবে নয়, বরং আলাদা দল হিসেবেই জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জোটের সিদ্ধান্ত নিয়ে আপত্তি এনসিপি নেতাদের অভিযোগ, জোট শরিকদের সঙ্গে আলোচনার আগেই জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তাঁদের দাবি, এমন একতরফা সিদ্ধান্ত জোটের ভেতরে গণতান্ত্রিক চর্চার জন্য ভালো দৃষ্টান্ত নয়।
জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের এক সভায় জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। শুক্রবার ১১-দলীয় জোটের নেতাদের কাছে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে একক অংশগ্রহণের সিদ্ধান্তে অনড় থাকে এনসিপি। এনসিপি রাজি না হলেও ১১-দলীয় জোট ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে জোটবদ্ধ সংলাপের ঘোষণা দিয়েছে।
এককভাবে অংশ নেওয়ার যুক্তি এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, "১১-দলীয় জোটের দুটি দলের নিবন্ধন নেই। সংগত কারণেই ১১ দল হিসেবে ইসিতে যাওয়ার বাস্তবতাও অনুপস্থিত। ৯ দল গেলে তাকে ১১-দলীয় জোট বলা যায় না।" এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা জোটগতভাবে না হওয়ায় ইসির সংলাপে জোট হিসেবে অংশ নেওয়া অযৌক্তিক বলে মনে করছে এনসিপি। তাই দল হিসেবেই সেখানে অংশ নিতে চায় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করা দলটি।
দলটির নেতাদের মতে, পূর্বের জোটগুলোর মতো দলীয় স্বার্থে জোটের সম্মিলিত শক্তি ব্যবহার কিংবা রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে শরিকদের নামসর্বস্ব দল হিসেবে দেখতে চায় না এনসিপি। বরং প্রতিটি দলের স্বতন্ত্র রাজনৈতিক কৌশল ও গুরুত্ব পুরো জোটকে শক্তিশালী করবে বলে মনে করে তারা।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।