প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। এই প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে জানা গেছে। তবে আলোচনার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত। যদিও এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। বিরোধী জোট চায়, প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে সংলাপ বা আলোচনা হোক। সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমিতে হতে পারে বলে মনে করে তারা। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বৈঠক করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগত আলোচনায় অংশ নেবে বলে ১১-দলীয় ঐক্য-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অবশ্য এনসিপির সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসকক্ষে ওই বৈঠককে মতবিনিময় বলে উল্লেখ করা হয় সরকারের দিক থেকে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, জামায়াত একক দল হিসেবে অংশ না নিয়ে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে সংলাপে যেতে চায়। উভয় পক্ষের সময়ের সঙ্গে সমন্বয় করে ১১ দলের সম্মিলিতভাবে সংলাপের উপযোগী স্থান নিয়ে আলোচনা চলছে।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ১১ দলের জোটগতভাবে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাবে সরকার ইতিবাচক। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্য গঠনের বিষয়েও সরকারের সদিচ্ছা রয়েছে। তবে আলোচনার দিনক্ষণ এখনো ঠিক হয়নি; আর সরকারের দিক থেকে এটিকে ‘সংলাপ’ বলতে চায় না।
আলোচনা কবে, কোথায়
জামায়াত নেতাদের বক্তব্য, প্রতিটি দল থেকে দুজন করেও অংশ নিলে প্রতিনিধিদল বড় হবে; সে জন্য উপযোগী স্থান প্রয়োজন। সচিবালয়ে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ধরনের বৈঠক হয়েছে, ১১ দলকে নিয়ে তাঁরা সেভাবে বসতে চান না।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন নেতা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বিরোধী জোটের পক্ষ থেকে যমুনা অথবা ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে সরকারের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। তাঁর ভাষ্য, বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত সংলাপের আয়োজন করা সরকারের নিজের জন্যই বেশি দরকার; এ জন্য নভেম্বরের মধ্যেই সংলাপ হতে পারে বলে ধারণা করছেন জামায়াতের এই নেতা।
১১-দলীয় ঐক্যের শরিক একটি দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রথমে ২৭ বা ২৮ নভেম্বর বৈঠকের প্রাথমিক আলোচনা ছিল। এখন ২৯ নভেম্বরের কথাও শোনা যাচ্ছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। এ ছাড়া ১১ দল-সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলছে, সরকার আলোচনার জন্য বিরোধী জোটের প্রস্তাবিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও ফরেন সার্ভিস একাডেমির পাশাপাশি জাতীয় সংসদ ভবনকেও বিবেচনা করছে।
গতকাল বিকেলে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ অন্তর্বর্তী সরকারের সময় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের উদাহরণ দিয়ে বলেন, অনেক দল যেহেতু একসঙ্গে বসবে, প্রতিনিধিত্ব হবে সব দলের, সে ধরনের ভালো পরিবেশে সংলাপ হওয়া দরকার।
এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়। এরপর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, সরকারের উদ্যোগে সংলাপে যাওয়ার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং ১১-দলীয় ঐক্য জোটগতভাবে অংশ নেবে।
ঐক্যের আলোচনায় বিচার ও সংস্কার
সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্যের এই উদ্যোগ সামনে আসে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে এটিকে সরকার রাজনৈতিকভাবে মোকাবিলার কথা বলছে।
১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান কিছু সময় একান্তে কথা বলেন। তখন ফ্যাসিবাদবিরোধী ঐক্য নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় সরকার।
ঐক্যের উদ্যোগকে স্বাগত জানালেও বিরোধী দলগুলো সংস্কার ও বিচারের দাবিও সামনে রাখছে। ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ঐক্যের ভিত্তিতে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে জন্য দীর্ঘমেয়াদি পথনকশাও চান তিনি। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
ওই দিন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, সরকার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য আরও সুসংহত করতে চায়। এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না বলে জানান তিনি। জুলাই সনদে বিএনপির স্বাক্ষর ও ভিন্নমতের বিষয়গুলোসহ তা বাস্তবায়নের অবস্থানও তুলে ধরেন।
জামায়াত নেতারা বলছেন, জাতীয় সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত আছে। আলোচনার ভিত্তিতেই সংলাপের তারিখ ও স্থান নির্ধারণ হবে। এ বিষয়ে হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, সরকার কী করে, সেটিই এখন দেখার বিষয়।