তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির যুগেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সামান্য বানান ও তথ্যগত ভুল সংশোধন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ছোটখাটো ভুল সংশোধনের আবেদন করেও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে অনেক নাগরিককে। এতে একদিকে যেমন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ডিজিটাল সেবার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্রে নামের সামান্য ভুল, যেমন ‘মান্নান’-এর পরিবর্তে ‘হান্নান’ লেখা, পিতার নামের স্থলে চাচার নাম উল্লেখ থাকা কিংবা ‘প’-এর পরিবর্তে ‘ফ’ লেখা—এ ধরনের ভুল সংশোধন করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অথচ এসব ভুলের কারণে পাসপোর্ট তৈরি, জমি ক্রয়-বিক্রয়, ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা গ্রহণে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, “তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে সামান্য কিছু তথ্যগত ভুল সংশোধনের জন্য একজন নাগরিককে বছরের পর বছর ঘুরতে হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। ডিজিটাল সেবার মূল উদ্দেশ্য মানুষের ভোগান্তি কমানো। কিন্তু এনআইডি সংশোধনের দীর্ঘসূত্রতা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে। এতে সরকারের ডিজিটাল সেবার কার্যকারিতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেন, নাগরিকের পরিচয়সংক্রান্ত তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করা প্রয়োজন। বিশেষ করে নামের বানান ও ছোটখাটো তথ্যগত ভুল সংশোধনের ক্ষেত্রে হয়রানিমুক্ত ও সহজ পদ্ধতি চালু করা জরুরি।
এনআইডি সংশোধনে দীর্ঘসূত্রতা ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।
নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র সংশোধনে দীর্ঘসূত্রতা নয়, বরং সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।