সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নে দীর্ঘ ৫০ বছরেও হাসপাতাল বা ক্লিনিক গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম। নির্বাচিত হলে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই ইউনিয়নে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়নবাসীর পাশে থাকা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ইউনিয়নের বারহাল গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম।
জবেদ আলীর সভাপতিত্বে এবং কাজী আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সায়ফুল্লাহ। সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী আজিজুল ইসলাম, বজলুল রহমান মাস্টার, মাওলানা হারুনুর রশিদ, সজিম উদ্দিন আহমেদ, মাওলানা আমামিন, মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল বাতেন, জামাল উদ্দিন শিকদার, দুলাল মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, বড়দল উত্তর ইউনিয়নে প্রায় ৫০ বছরেও একটি হাসপাতাল বা ক্লিনিক প্রতিষ্ঠিত হয়নি। অথচ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নির্বাচনে জনগণের সমর্থন ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই ইউনিয়নে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, “এই ৫০ হাজার মানুষ কি বাংলাদেশের নাগরিক নয়? সারা দেশের বিভিন্ন ইউনিয়নে হাসপাতাল ও ক্লিনিক থাকলে বড়দল উত্তর ইউনিয়নের মানুষ কেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকবে? আমি চাই, এই ইউনিয়নের মানুষ যেন নিজেদের এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়।”
এ সময় তিনি ইউনিয়নকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার কথা বলেন। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহল অন্যায়ভাবে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা দমিয়ে রাখার চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রফিকুল ইসলাম আরও বলেন, ইউনিয়নের স্বাস্থ্যসেবা উন্নয়নের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। নির্বাচনে বিজয়ী হোন কিংবা না হোন, এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার দীর্ঘদিনের সমস্যা, স্বাস্থ্যসেবা সংকট, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।