যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পত্নীতলায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে পত্নীতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড জনাব এ. জেড. এম. নাহিদ হোসেন এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নিয়ামুল হক।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতির গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই দিনটি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পথকে সুগম করতে এ দিনের চেতনা আমাদের সবসময় অনুপ্রেরণা জুগিয়ে থাকে। যুবসমাজকে দেশের ইতিহাস সঠিকভাবে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পত্নীতলা থানা বিএনপি'র সম্মানিত সভাপতি জনাব মোঃ মোকছেদুল হক সিরি এবং পত্নীতলা থানা বিএনপি'র সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল ফারুক। তারা তাদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে জাতীয় ঐক্য ও সংহতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।