আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে ইতিমধ্যে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

তাঁকে আটক করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি; তবে অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং অভিযোগের সূত্র ধরে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলেও পুলিশ সদস্যদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে আটকের বিষয়টি নাকচ করে দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, "এসপি জাহাঙ্গীর আটক কিংবা গ্রেপ্তার হননি। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে মঙ্গলবার তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে।"