সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে গভীর রাতে মোটরসাইকেল বহর নিয়ে সশস্ত্র মহড়া, উসকানিমূলক স্লোগান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানা যায়, গভীর রাতে আনুলিয়া ইউনিয়নের বিছট বাজার এলাকা থেকে প্রায় ৩০টি মোটরসাইকেলের একটি বহর বের হয়। বহরটি সশস্ত্র অবস্থায় বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় বাসুদেবপুর, আমতলা মোড়, বল্লভপুর, তাপস মার্কেট, রাজাপুর, বউবাজার ও গরালিসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটরসাইকেল বহর নিয়ে মহড়া দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লকডাউন লকডাউন, আগামীকাল লকডাউন’, ‘লকডাউন সফল হোক’, ‘তারেক তুই গেলি কই, হই হই রই রই’, ‘যুবদল গেলি কই, বিএনপি গেলি কই, ছাত্রদল গেলি কই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এসব স্লোগানে রাতের নীরবতা ভেঙে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি।
এদিকে আনুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং ব্যাংকের দরজা-জানালায় ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে আরও অভিযোগ করা হয়েছে, এসব কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ জালাল হোসেন এবং আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর আলম (লিটন)। তিনি আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও পরিচিত। তবে এ ঘটনায় তাঁদের বক্তব্য এবং অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।
এ ধরনের রাজনৈতিক উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে আনুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আশাশুনি থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।