আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মাগুরার ক্ষুদে মেধাবী শিক্ষার্থী ইশবা তিজারাহ (Ishba Tijarah)। ‘ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল গ্র্যান্ড ফিনালে ২০২৬’ (English Olympiad Global Grand Finale 2026)-এর কিডস গ্রুপে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে সে।

ইশবা মাগুরা জেলার রেডোলেন্স গ্রামার স্কুলের (Redolence Grammar School) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৬ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (KLCC) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ধাপ পেরিয়ে আন্তর্জাতিক ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে ইশবা। অল্প বয়সেই এমন অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান।
ইশবার এই সাফল্যে রেডোলেন্স গ্রামার স্কুল পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তার মেধা, আত্মবিশ্বাস ও পরিশ্রম আন্তর্জাতিক অঙ্গনেও উজ্জ্বল হয়ে উঠবে এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আরও গৌরবান্বিত করবে।