খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাংবাদিক ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দীঘিনালা উপজেলা অফিসার্স ক্যান্টিনে আয়োজিত এই বনভোজনে সংগঠনের সব সদস্য অংশ নেন।
সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইকবাল বাহার চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। পেশাগত ঐক্য ধরে রেখে সমাজের কল্যাণে আরও নিষ্ঠার সাথে কাজ করার সুযোগ রয়েছে। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে দীঘিনালার অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আয়োজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শহিদুল ইসলাম সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের ভূয়সী প্রশংসা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি জনাব ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা সমন্বিতভাবে কাজ করলে দীঘিনালায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া আরও সহজ হবে।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা আন্তরিক কুশল বিনিময় ও প্রীতিভোজে অংশ নেন। সব মিলিয়ে বনভোজনটি সাংবাদিক ও অতিথিদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়।