রসুলপুর গণপাঠাগারের উদ্যোগে গত ১৩ নভেম্বর (শুক্রবার) সাহিত্য আড্ডা, আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের সভাপতি ইহতিশামুল হক জাওয়াদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি হানিফ রাজা। বিশেষ আলোচক হিসেবে বাংলা বুকডেমির পরিচালক ও প্রকাশক মামুন বিন হারুন পাঠাগারের উন্নয়ন, পাঠাভ্যাস বৃদ্ধি এবং সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মারজান সাহিত্য পরিষদের সভাপতি আনসার উদ্দিন ভূঁঞা, রসুলপুর গণপাঠাগারের উপদেষ্টা শাহীন শাহ, গোলাম সারোয়ার মন্ডল, মো. আবদুল কবির, মোস্তফা আল মাহদী, মতিউর রহমান সুমন, ফিরোজ আহমেদ স্বপন, আনোয়ার কবির বাবলু, তাছলিমা আক্তার মুক্তা, শাহজালাল সুজন ও আমিরুল ইসলাম জীবনসহ আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গণপাঠাগারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রসুলপুর গণপাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক হৃদয় হাসান মুস্তাফিজ।