নওগাঁর নিয়ামতপুরে দিনের বেলায় বাসার তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা চুরির প্রায় ১১ মাস পর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের বাসিন্দা সুশীল শিকদার পরিবারের সদস্যদের নিয়ে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আকন্দপুর গ্রামে যান। সে সময় তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় ছিল। ওই দিন বিকেলে বাড়িতে ফিরে তিনি দেখেন, মূল প্রবেশপথসহ কয়েকটি কক্ষের দরজার তালা ভাঙা। পরে ঘরের স্টিলের আলমারির সিন্দুক খুলে দেখা যায়, প্রায় ৩২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ ৮ লাখ টাকা চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নিখিল শিকদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন। গত বছরের ২৩ ডিসেম্বর নিয়ামতপুর থানার মামলা নম্বর-১১ হিসেবে মামলাটি নথিভুক্ত হয়। পরবর্তীতে থানা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে বাদী নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই নওগাঁ জেলাকে হস্তান্তর করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছেন পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আসাদুজ্জামান।
তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রথমে গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটুকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে সহযোগী নিমাই সরকার এবং চোরাই স্বর্ণের ক্রেতা ‘বিশ্বকর্মা জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে টিটুর দেখানো মতে তার শয়নকক্ষ থেকে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পিবিআইয়ের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুরে টিটুসহ তার দুই সহযোগী জানালার গ্রিল বেয়ে ঘরে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা এবং নিজেদের মধ্যে ভাগ করে নেয়। টিটু তার ভাগের প্রায় ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ ৫০ হাজার টাকা নিমাই সরকারের কাছে গচ্ছিত রাখে। পরবর্তীতে নিমাই সরকার ওই স্বর্ণ বাগমারার দিলীপ কুমারের কাছে ৩ লাখ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। তদন্তে আরও জানা গেছে, দিলীপ কুমার চোরাই স্বর্ণ গলিয়ে নতুন গহনা তৈরি করে বিক্রি করেছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তিন আসামি বিজ্ঞ আদালতে নিজেদের সম্পৃক্ততা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।