বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজিম লাভলুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা ফেক আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। কিছু ফেসবুক আইডি থেকে তাঁকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
এক লিখিত বিবৃতিতে মোঃ নাজিম লাভলু জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর জনপ্রিয়তা ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি কুচক্রী মহল এই অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, "আমার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মাদক ব্যবসার মতো ঘৃণ্য অপরাধের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যারা ফেক আইডি ব্যবহার করে এই মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং প্রশাসনের কাছে সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সাথে তিনি বালুয়াকান্দী ইউনিয়নবাসীকে এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।