আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা নানা সমীকরণ ও পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম লাভলু ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
জুমার নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময়কালে আসন্ন নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার অবহেলিত খাতের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় ও কুশল বিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি এবং এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। প্রার্থীর এমন গণসংযোগ ও উপস্থিতিতে স্থানীয় ভোটারদের মাঝেও নির্বাচনী উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।