নওগাঁর সাপাহার উপজেলার ইসলামপুর মোড় এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী এবং ভ্যানের একজন নারী যাত্রী রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ইসলামপুর মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই যুবক ঘুরতে বের হয়েছিলেন। পথে ইসলামপুর মোড়ের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানের এক নারী যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের জানা গেছে, মোটরসাইকেলের দুই আরোহীর বাড়ি সাপাহার উপজেলার মাস্টারপাড়ায় এবং আহত নারী যাত্রীর বাড়ি হাটশাউলিতে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।