জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপি ফেনী জেলা আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলা।
বিক্ষোভ মিছিলটি ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের খেজুর চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহফুজ। বক্তব্যে তিনি বলেন, “ভারতীয় প্রেসক্রিপশনে সরকার যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তবে তারা ভুলের স্বর্গে বসবাস করছে। আমরা বেঁচে থাকতে এমনটি হতে দেব না।”
সমাবেশে বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক সালমান হোসেন ও আরমান হোসেন রাফি, যুগ্ম আহ্বায়ক সাব্বির জামিল ও মানিক হোসেন সজিব, যুগ্ম সদস্য সচিব সাহেদ মিয়াজি, শহিদুল ইসলাম ও মেহেদী হাসান তামিম, সহসাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান হৃদয়, প্রচার সম্পাদক মাইনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এনসিপি ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।