দায়িত্ব নেওয়ার মাত্র ৫১ দিনের মাথায় বদলির আদেশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আলম। জনস্বার্থে তাঁকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ সেপ্টেম্বর সদর থানার তৎকালীন ওসি মোঃ শহিদুল ইসলামকে বদলি করে তাঁর স্থলে খাইরুল আলমকে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণের ২ মাস পেরোনোর আগেই তাঁর বদলির আদেশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সদর থানায় দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি তৎপরতা দেখা গেলেও তাঁর সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ ছিল গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে। তাঁদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে একাধিকবার ফোন করেও অনেক সময় ওসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো না।
অন্যদিকে, তাঁর দায়িত্বকালেই ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচির ঘটনা ঘটে। এসব কর্মসূচি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন ওঠে।
সব মিলিয়ে স্বল্প সময়ের দায়িত্বকাল। যোগাযোগের সীমাবদ্ধতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওঠা নানা প্রশ্নের মধ্যেই সদর থানা ছাড়তে হচ্ছে ওসি খাইরুল আলমকে।
তবে তাঁর বদলির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি আদেশে। নতুন করে সদর মডেল থানার ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি।