বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে। বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বর্ষণ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি ও জনজীবন।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাতাস ও বৃষ্টিতে পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে।
উপজেলার কৃষকদের একটাই কথা, “অনেক কষ্ট ও টাকা খরচ করে আমনে এর ফসল আবাদ করেছি। এখন বৃষ্টি চলতে থাকলে ফসল নষ্ট হয়ে বড় লোকসানে পড়তে হবে।” “মাঠে ফসল আছে, কিন্তু বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও পানি জমে গেছে। এভাবে চলতে থাকলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা আছে।”
অন্যদিকে বৈরী আবহাওয়ায় সাগর-নদী উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। বর্তমানে আয়ও বন্ধ।”
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, সতর্কতা জারির পর সাগরে থাকা সব ট্রলার নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। তবে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে মালিকদের জ্বালানি ও শ্রমিকের মজুরি বহন করা কঠিন হবে।
এদিকে বরগুনার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৪৪ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ নিয়ে নদীতীরবর্তী এলাকার হাজারো মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের আশঙ্কা, সামান্য জলোচ্ছ্বাসেই দুর্বল বাঁধ ভেঙে জনপদ প্লাবিত হতে পারে।
তবে বাঁধের ভাঙন রোধে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান।
আবহাওয়া অধিদপ্তর পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে।
বরগুনার কৃষক-জেলেরা এখন তাকিয়ে আছে আকাশের দিকে - বৃষ্টিটা একটু থামলেই হয়তো বাঁচবে মাঠের ফসল, বাঁচবে সংসার।