‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সমবায় সদস্যদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের সব স্তরের মানুষকে সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সমবায় সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।