শিল্পাঞ্চলভিত্তিক সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট ‘গাজীপুর জেলা সাম্যবাদী শ্রমিক দল’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন অঞ্চলের একাধিক শ্রমিক সংগঠনের শতাধিক প্রভাবশালী নেতা আনুষ্ঠানিকভাবে সাম্যবাদী দল (এম-এল)-এ যোগ দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নবগঠিত ১০১ সদস্যের গাজীপুর জেলা কমিটির অনুমোদন দেন সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ।
অনুষ্ঠানে যোগদানকারী নেতৃবৃন্দ শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে লাল পতাকাকে উর্ধ্বে তুলে ধরা এবং দলের নীতি-আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চলতি মাসেই নতুন কমিটি ও সাংগঠনিক বিস্তার:
বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড আবুল কালাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী দিনের সাংগঠনিক রূপরেখা তুলে ধরা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি মাসের মধ্যেই টঙ্গী, মিরপুর, আশুলিয়া ও নরসিংদী এলাকায় সাম্যবাদী দল (এম-এল) এবং ‘সাম্যবাদী শ্রমিক দল’-এর নতুন শাখা কমিটিগুলো গঠন করা হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দল (এম-এল)-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুমন সরকার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ নেতা ও নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কমরেড হুমায়ুন কবিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় সারির নেতৃবৃন্দ।
সভা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ শোষিত ও মেহনতী মানুষের জয়গান গেয়ে বৈপ্লবিক সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।।