বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে টঙ্গী থেকে আসা একটি পর্যটকবাহী বাস। তবে চালকের দক্ষতা ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণের কারণে বাসে থাকা ৪৫ জন পর্যটক বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার রেইছা চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে ৪৫ জনের একটি পর্যটক দল বান্দরবানে বেড়াতে আসে। ভ্রমণ শেষে ফেরার পথে পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকজন পর্যটক সামান্য আহত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বান্দরবান থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।