জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের তরুণ পরিবেশ ও জলবায়ু সংগঠক মোঃ তহীদুল ইসলাম মাছুম। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরকারি প্রতিনিধিদলে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে COP31। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিজ্ঞানী, গবেষক ও জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন।
মোঃ তহীদুল ইসলাম মাছুম বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রযুক্তিগত উদ্ভাবনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান Center for Environmental Research and Technological Innovation (CERTI)-এর মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তিনি Global Youth Platform-এর প্রতিষ্ঠাতা।
দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, তরুণ নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন মাছুম।
COP31 সম্মেলনে তাঁর অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জলবায়ু ও পরিবেশগত সংকট আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পানির সংকট, ঝিরি-ঝরনার পানিপ্রবাহ কমে যাওয়া, ভূমিধস, আকস্মিক বন্যা, বন ও জীববৈচিত্র্যের ক্ষতি এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজনের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ নিয়েও আন্তর্জাতিক নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
তাঁর এই অংশগ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত বাস্তবতা, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জলবায়ুজনিত চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।