চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক মাদ্রাসাশিক্ষিকা ও অন্য শিক্ষিকার স্বামী নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন কেরানীহাটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচংয়ের একটি মাদ্রাসার শিক্ষিকা সোহান আফরোজ এবং অন্য শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং থেকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি বাস (কুমিল্লা-ভ-১১-০০৬০) কক্সবাজারের উদ্দেশে শিক্ষা সফরে যাচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। চালক ও হেলপারসহ মোট ৬১ জন বাসটিতে অবস্থান করছিলেন।
পথে সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লার বুড়িচং থেকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাসটি কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিল। ভোর ৪টার দিকে সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।
এ ঘটনায় নিহতদের পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।