পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার প্রত্যাশায় বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র এই সহায়তার মধ্য দিয়ে দরিদ্র পরিবারগুলোর জীবনে আর্থিক সচ্ছলতার নতুন সম্ভাবনা সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন।
বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান। ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের ১৩টি হতদরিদ্র পরিবারের প্রত্যেকটির হাতে দুটি করে মোট ২৬টি মা ছাগল তুলে দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, ছাগল পালন ও বংশবিস্তারের মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবে। এককালীন এ সহায়তা কেবল কিছু পরিবারের হাতে সম্পদ তুলে দেওয়াই নয়, বরং আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস। যথাযথ পরিচর্যা ও লালন-পালনের মধ্য দিয়ে এই উদ্যোগ একদিন অসচ্ছল পরিবারগুলোর জীবনে সচ্ছলতার ভিত গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।