কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে এলাকায় কিশোরগ্যাংয়ের তৎপরতা বাড়ছিল। তাদের সঙ্গে মাদক ও ইভটিজিংয়ের অভিযোগও জড়িয়ে পড়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায়ই দেশীয় অস্ত্র প্রদর্শন এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের কম এবং যারা শিক্ষার্থী, তাদের সংশোধনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, আগে বিভিন্ন অপরাধে গ্রেফতার ইতিহাস আছে কিংবা অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এ অভিযান পরিচালনার পেছনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত মাসিক সভায় হোসেনপুরে কিশোরগ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম মাদক ও কিশোরগ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানান। তিনি এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মীদের কাউকে সুপারিশ না করার নির্দেশ দেন। পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ তাজ উদ্দিন বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানকে অবহিত করেন। পরে পুলিশ সুপারের তাৎক্ষণিক নির্দেশনায় কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়।
সংবাদ সম্মেলনে হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ তাজ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোরগ্যাংয়ের তৎপরতা বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।