নেত্রকোনায় ২ বছর ১০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তর মিয়া (যুবক) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় নয়ন মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী অন্তর মিয়া শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এদিকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত অন্তর শিশুটিকে ছেড়ে পালিয়ে যান।
পরে কান্নাকাটি করতে করতে ঘর থেকে বেরিয়ে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযুক্ত অন্তর মিয়াকে খুঁজতে শুরু করেন।
পরে বিকেলে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন তাঁকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাঁকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, “প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।