ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর আওতাধীন পরশুরাম, নিজকালিকাপুর, জয়ন্তীনগর ও চম্পকনগর বিওপির সদস্যরা পৃথকভাবে সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভারতীয় মদ, শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকসসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৫ হাজার ৫৭০ টাকা।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।