নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মাদক এবং কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিট ও কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।