সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে গজারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সমাপনী প্রশিক্ষণ এবং ট্যাব বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, এমপি। এতে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মূল উদ্দেশ্য তুলে ধরা হয়। এ সময় উপকারভোগী পরিবারের সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা এবং তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা শতভাগ নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।