গবেষণালব্ধ উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণ, উদ্ভাবকের স্বীকৃতি নিশ্চিত করা এবং নতুন প্রযুক্তির কার্যকর ব্যবহার ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) 'মেধাস্বত্ব নীতিমালা প্রণয়ন ও ব্যবস্থাপনা' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন 'হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, জ্যেষ্ঠ অধ্যাপক এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ অন্যান্য শিক্ষক ও গবেষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।