গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫৫ কারখানা, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় গাজীপুরে ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টস ও রিপন নীট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের এক নারী শ্রমিককে কয়েকজন স্টাফ মারধর করেছেন এবং এতে তার মৃত্যু হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সকাল ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে ওই নারী শ্রমিক অভিযোগ করেন, ইসলাম গার্মেন্টস লিমিটেডের ইউনিট-২-এর ইনচার্জ শরিফ, এপিএম নয়ন, তানিয়াসহ কয়েকজন স্টাফ কারখানার গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে অতর্কিত মারধর করেন। পরে সহকর্মীরা তাকে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করেন।
কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বার্তা বিচিত্রা কে জানান, ওই শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে বড় ধরনের কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি।
অন্যদিকে ইসলাম নীট ডিজাইন লিমিটেডের ইউনিট-২-এর এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা বিচিত্রা কে বলেন, শ্রমিকের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব। ওই নারী শ্রমিক সুস্থ আছেন এবং বর্তমানে বাসায় অবস্থান করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বার্তা বিচিত্রা কে বলেন, শ্রমিক মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব। মঙ্গলবার সকাল থেকে শ্রীপুর এবং মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, গাজীপুরে ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।