নেত্রকোণা শহরের প্রধান সড়কগুলো যেন ধীরে ধীরে উন্মুক্ত বাজারে পরিণত হচ্ছে। সড়কের দুই পাশে ফুটপাত ও রাস্তার জায়গা দখল করে বসানো হয়েছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। কোথাও ফলমূল ও শাকসবজির দোকান, কোথাও হালিম ও চটপটির দোকান। আবার কোনো কোনো দোকানের সামনে রাস্তার ওপর চেয়ার-টেবিল বসিয়ে তৈরি করা হয়েছে ছোটখাটো রেস্টুরেন্ট। এতে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কের দুই পাশে শত শত দোকান বসানো হয়েছে। ফুটপাত দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিকভাবে হাঁটারও সুযোগ নেই। অনেক ক্ষেত্রে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে যানবাহন ও পথচারীদের মধ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট আরও তীব্র হয়ে উঠছে।
অথচ ফুটপাত দখল করে দোকান বসানো নিষিদ্ধ উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞার সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। এর আগেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নিষেধাজ্ঞা ও সতর্কতা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এসব নির্দেশনার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিদিন বসছে দোকানপাট। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নির্দেশনা থাকার পরও কার ইন্ধনে বা কোন কর্তৃপক্ষের অনুমতিতে এসব দোকান রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে?
নগরবাসীর প্রশ্ন, বাজার করার জন্য শহরে নির্ধারিত বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কেন প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করতে হবে? মেছুয়াবাজারসহ শহরের বিভিন্ন স্থানে বাজার করার ব্যবস্থা রয়েছে। তাহলে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে সড়কের ওপর বাজার বসানোর যৌক্তিকতা কী?
এতে শুধু যানজটই বাড়ছে না, শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশও নষ্ট হচ্ছে। একটি জেলা শহরের প্রধান সড়কের এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। নেত্রকোণা শহর শুধু ব্যবসায়ীদের নয়, এটি পুরো জেলাবাসীর। তাই শহরের সড়ক ও ফুটপাত সবার চলাচলের উপযোগী রাখা জরুরি।
এ অবস্থায় মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে কারা এসব দোকান বসাচ্ছে, তা খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে এসব দোকান বসানোর পেছনে কোনো ধরনের অবৈধ লেনদেন বা অনিয়ম রয়েছে কি না, সেটিও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তবে কাউকে অযথা দোষারোপ না করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করাই হবে দায়িত্বশীলতার পরিচয়।
আমরা চাই না কোনো ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা হারান। তবে ব্যবসার নামে সাধারণ মানুষের চলাচলের অধিকারও কেড়ে নেওয়া যাবে না। নির্ধারিত স্থানে ব্যবসার ব্যবস্থা করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হোক।
নেত্রকোণা শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নগরবাসীর প্রত্যাশা—শুধু নিষেধাজ্ঞার সাইনবোর্ড নয়, এর বাস্তব প্রয়োগও দেখতে চায় সাধারণ মানুষ।