ময়মনসিংহের গফরগাঁওয়ে সুমাইয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে গফরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের কুমারভিটা এলাকায় একটি ভাড়া বাসার ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া ওই এলাকার জাকারিয়ার স্ত্রী। প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে স্বামী জাকারিয়ার সঙ্গে সুমাইয়ার সর্বশেষ কথা হয়। এরপর ঘরের দরজা বন্ধ থাকায় বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। রাত ৮টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখতে পান তাঁরা।
পরে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। এ সময় গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মশিউর রহমান ও উপপরিদর্শক (এসআই) বিপ্লব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, সুমাইয়া বাড়ির মালিক আরিফ রব্বানীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাড়িটি তাঁর ভাই সোহাগের (৫২) নামেও পরিচিত।
তবে কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।