মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অংকুর বিদ্যানিকেতন স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় এবং বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি মেধা তালিকায় স্থান পাওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বিশিষ্ট সমাজসেবক মহসিনের সভাপতিত্বে এবং অংকুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুম খাঁন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।
সঠিক শিক্ষা ও সুশাসনের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হতে হবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা হাইস্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর বিদ্যানিকেতনের সহ-সভাপতি নুরুল আমিন মোল্লা ও সহ-সভাপতি শহিদুল হক, বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন লাভলু, তানিয়া আক্তার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন, বালুয়াকান্দী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজোয়ানুল হক টিটু, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এবং বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষার সাফল্য কামনা করেন এবং কৃতি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। শেষে বিদায়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মৃতিচিহ্ন ও উপহার তুলে দেওয়া হয়।