মানিকগঞ্জের হরিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৩ হাজার ৩৫০ জন কৃষক কৃষি প্রণোদনার সুবিধা পাবেন। কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ উদ্যোগের ফলে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে, উৎপাদন খরচ কমবে এবং দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।