মানিকগঞ্জের হরিরামপুরে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ২৮ জন খামারির মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বাছুর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের হাতে বকনা বাছুর তুলে দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সায়মন হোসেন এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. ইলিয়াসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের খামারিদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গবাদিপশু পালন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে।