মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৪ নম্বর বলড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার পক্ষে প্রচারণা, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার বহলাতুলি বাজারে বলড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও শিক্ষানুরাগী মো. মোতালেব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক ও উপজেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন মৃধা, সমাজসেবক আব্দুল রহমান মৃধা ও হায়াত আলী, সাবেক উপজেলা বিএনপি সদস্য মজিবুর রহমান মৃধা, বলড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়াত আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সাকিবুল ইসলাম জিন্নত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ এবং নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা।
মতবিনিময় সভায় শাহীন মৃধা বলেন, “মানিকগঞ্জের মা-মাটি ও গণমানুষের নেত্রী, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় বিগত দিনগুলোতে বলড়া ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে বলড়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”