আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নে বিএনপি সমর্থিত একক প্রার্থী নির্ধারণের কাউন্সিল প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কাউন্সিলের আগের দিন অর্থের বিনিময়ে ভোট বা সমর্থন (স্থানীয় ভাষায় 'ডেখা') কেনাবেচার অভিযোগ তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন লাখাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান চৌধুরী রাজন (Ashrafuzzaman Chowdhury Rajon)।
জানা যায়, গত ২৮ নভেম্বর (শনিবার) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আশরাফুজ্জামান চৌধুরী রাজন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি করেন। পোস্টে তিনি কাউন্সিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন।
তার দেওয়া ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো
"লাখাই উপজেলায় ৫ নং করাব ইউনিয়নের বিএনপির সমর্থনে একক প্রার্থী করার লক্ষ্যে কাউন্সিলের আগের দিন ডেখা যে বিক্রি হইছে ৪০০০০/৩০০০০ হাজার টাকায় তার ভিডিও শীঘ্রই আসতেছে আপনারা অপেক্ষায় থাকেন।"
ছাত্রদলের এই নেতার এমন পোস্টের পরপরই লাখাই উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টটি মুহূর্তের মধ্যেই স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে।
পোস্টের মন্তব্যের ঘরে (কমেন্ট বক্স) অনেক নেটিজেন ও স্থানীয় নেতাকর্মী ঘটনার সত্যতা জানতে ওই ভিডিওটি দ্রুত প্রকাশ করার জন্য অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, দলীয় একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে এমন অভিযোগ তোলায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বইছে।