চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার তৈরির রান্নাঘরে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর চট্টগ্রাম। আজ শনিবার দুপুরে হাসপাতালের খাদ্য বিভাগে অভিযানের সময় ইঁদুর ও তেলাপোকার উপদ্রব, খোলা অবস্থায় রাখা ভাত-ডাল, পচা ডিম এবং মাকড়সার জালযুক্ত হলুদের গুঁড়া পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সরবরাহের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইয়াহিয়া ও কর্মচারী উৎপলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছে। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার বিচরণও ছিল। এ ছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিম পাওয়া যায়।
রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া পরীক্ষা করেন কর্মকর্তারা। এতে পলিথিন ও মাকড়সার জাল পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় লেডের উপস্থিতিও শনাক্ত হয়েছে। এ ধরনের উপাদান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বার্তা বিচিত্রাকে বলেন, ‘হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও মিলেছে। এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।