ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর অভিযানে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় নিয়মিত টহল চলাকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
এসআরবি-৯, সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানায়, রাতে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সড়কে দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে যেতে দেখে টহল দল। এ সময় তারা পুলিশের টহল দলকে দেখে আকস্মিকভাবে মোটরসাইকেল ঘুরিয়ে বিজয়নগরের দিকে পালানোর চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দলটি পিছু ধাওয়া করে।
একপর্যায়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় ক্যাফে তিতাস আড্ডা রেস্টুরেন্টের পাশে পাকা সড়কের ওপর একটি কালো রঙের কাঁধব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মি.মি. চায়না পিস্তলের তাজা গুলি, একটি ধারালো ছুরি ও একটি স্টার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্রে আরও জানা যায়, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্ত, নাম-ঠিকানা সংগ্রহ এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।