রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং এ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরির বিষয়টি গুরুত্ব পায়।