মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদন ও EIIN (এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) প্রাপ্তির আনন্দে মুন্সীগঞ্জের গজারিয়ায় ল্যান্ডোভারী হাই স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির প্রাপ্ত EIIN নম্বর হলো ১৪০৭৬৬।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভবেরচর বাজার, ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্স রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
র‍্যালিতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে উচ্ছ্বাস-উদ্দীপনা, আনন্দ র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বিদ্যালয়টির EIIN Day উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক নাজির আহমেদ সিকদার, সারোয়ার খান, রুবেল খান, শাহপরান দেওয়ান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, সহকারী শিক্ষক রমজান আলী, মো. হাসান ইমাম, মো. সাইদ সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করে ল্যান্ডোভারী হাই স্কুল। প্রতিষ্ঠার শুরু থেকেই আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এলাকায় সুনাম অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, “দীর্ঘ ১২ বছরের সাধনা ও প্রচেষ্টার পর আমরা EIIN নম্বর পেয়েছি। এটি অর্জন করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এতদিন শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ের নামে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হতো। এখন থেকে নিজস্ব বিদ্যালয়ের নামেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। আমাদের বিদ্যালয় এখন জুনিয়র হাই স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন ও EIIN নম্বর প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রত্যাশার বাস্তবায়নে EIIN নম্বর প্রাপ্তিকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।