শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় নতুন স্বপ্ন নিয়ে কলেজজীবনে পা রাখল একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশ, ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়া কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সরকার আবু ফেরদৌস মো. মহসীন (হীরা), সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জলিল, কলেজ ছাত্রদলের সভাপতি আলেফনুর হোসেন ও রাফিয়া রায়হান।
এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক, নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় সমৃদ্ধ করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা সনদ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; সততা, শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এ সময় যেন অযথা নষ্ট না হয়, সেদিকে শিক্ষার্থীদের বিশেষভাবে সচেতন থাকতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের শিক্ষাজীবনের প্রতি দায়িত্বশীল নজর রাখতে হবে।
বক্তাদের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ভালো ফলাফল বা সনদ অর্জন নয়; জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ, মানবিক ও আদর্শ নাগরিক তৈরি করাই শিক্ষার মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, কাউনিয়া কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও অর্জন ধরে রাখার দায়িত্ব এখন নতুন প্রজন্মের। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। নবীনদের পদচারণা, আনন্দ-উচ্ছ্বাস ও সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী মুখর হয়ে ওঠে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজ ক্যাম্পাস।