চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা এবং বার্ষিক শ্রেণি সমাপনী দিবস ও ক্লাস পার্টি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খানের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক ইসরাত জাহান, মোহাম্মদ ইলিয়াছ, কনিকা দাস, মেহেদী হাসান ছোটন, লাকি দাস, সুপন দেবনাথ, মমিনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল ও মিম খাতুন প্রমুখ। এছাড়াও স্টুডেন্ট কাউন্সিলের সদস্যবৃন্দ এবং প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশনের (পিটিএ) সম্মানিত সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়। তাদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে অনুপ্রেরণা জোগায়।

বক্তারা বলেন, শিক্ষাবর্ষের সমাপনী দিন শিক্ষার্থীদের আনন্দ, অর্জন, বন্ধুত্ব ও সৃজনশীলতার এক বিশেষ উপলক্ষ। শ্রেণিকক্ষ সাজানো, বাজেট প্রণয়ন, কেনাকাটা, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার মতো কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, দলগত শৃঙ্খলা ও জবাবদিহির বাস্তব শিক্ষা দেয়। সুষ্ঠু পরিকল্পনা ও দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়ে ক্লাস পার্টি আনন্দের পাশাপাশি শিক্ষণীয় অভিজ্ঞতায় পরিণত হতে পারে।
তবে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো কোনো ক্ষেত্রে ক্লাস পার্টির নামে অতিরিক্ত অর্থ আদায়, হিসাব গোপন রাখা কিংবা অর্থকে ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা শিক্ষার নৈতিক ভিত্তি ও শিক্ষকতার মহান আদর্শের পরিপন্থী। শিশুদের আনন্দকে অর্থ উপার্জনের হাতিয়ার না বানিয়ে স্বচ্ছতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চায় এ ধরনের আয়োজন পরিচালিত হওয়া উচিত।
চট্টগ্রাম মডেল স্কুলের এ আয়োজনের মূল প্রত্যাশা—শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানো, আনন্দের মধ্য দিয়ে শিক্ষার বন্ধন দৃঢ় করা এবং ক্লাস পার্টিকে নিছক বিনোদন নয়, বরং নেতৃত্ব বিকাশ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের উৎসবে পরিণত করা।